চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো. নুর ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা থেকে টাইলস নিয়ে একটি পিকআপ চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। ভোরে ফকিরহাট বাজার এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে চালকের পাশের আসনে থাকা ইসমাইল সামনের অংশের চাপায় গাড়ির ভেতর আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার বলেন, চালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






