সিএমআরইউ’র বর্ষপূর্তিতে মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে কর্মশালা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (সিএমআরইউ)-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে কেক কাটা, আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে কেক কেটে সংগঠনটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক নুরনবী শাওনের সভাপতিত্বে এবং চ্যানেল টোয়েন্টিফোরের মাল্টিমিডিয়া রিপোর্টার জুলকার নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজিব নন্দী।

বিশেষ অতিথি ছিলেন গবেষক ও লেখক ড. নাজমুন নাহার, বাংলাদেশ প্রতিদিন স্টাফ রিপোর্টার ইমরান এমি ও সাংবাদিক মো. ফাহিম।

এ সময় উপস্থিত ছিলেন সিএমআরইউ সভাপতি আবির আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

প্রথম বর্ষপূর্তির বিশেষ আয়োজন হিসেবে ‘স্ক্রল থেকে স্টোরি—মাল্টিমিডিয়া সাংবাদিকতায় যত্ন ও নতুনত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাই, সৃজনশীল স্টোরিটেলিং, ভিডিও ও ফটোগ্রাফি, লেখার কৌশল এবং সাংবাদিকতায় প্রযুক্তির কার্যকর ব্যবহারসহ মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন, ডিজিটাল সাংবাদিকতার দ্রুত পরিবর্তনশীল সময়ে একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে একই সঙ্গে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ভিডিও ধারণ, ছবি তোলা, লেখা ও সৃজনশীল উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে আরো বলা হয়, দ্রুতগতির ডিজিটাল সাংবাদিকতায় শুধু তথ্য প্রকাশ করাই যথেষ্ট নয়; বরং পাঠক ও দর্শকের কাছে নির্ভরযোগ্য তথ্যকে আকর্ষণীয় ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করাই একজন দক্ষ মাল্টিমিডিয়া সাংবাদিকের বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ও সর্বোত্তম ব্যবহার ভবিষ্যতের সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আলোচনা সভা শেষে সিএমআরইউ’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দিনে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top