চাটগাঁ নিউজ ডেস্ক : চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা আসামি খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে ডনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. মফিজুল ইসলাম। জামিন শুনানি শেষে ডনের আইনজীবী বলেন, সিনেমার দৃশ্যের প্রয়োজনে ডন ভিলেন, বাস্তবে না। এ মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।
জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবী আরও উল্লেখ করেন, সালমান শাহের মৃত্যুর দুটি সুরতহাল রিপোর্ট, দুটি পোস্টমর্টেম রিপোর্ট, ভিসেরা রিপোর্ট ও রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় যে, তিনি আত্মহত্যা করেছেন। এজন্য ডন জামিনের হকদার বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়। পরে ১২ আগস্ট আসামির জামিন আবেদন নাকচ করে দেন আদালত।
এর আগে, গত ৯ আগস্ট রোববার সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিআইডি।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে আসে।
গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন- সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
চাটগাঁ নিউজ/এসএ






