সাতকানিয়ায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ২ যাত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

এতে নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহত ব্যক্তি হলেন প্রণয় কর্মকার (২১)। নিহত ও আহত সবাই সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কক্সবাজারমুখী ‘স্বাধীন পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ যায় দুই যাত্রীর।

স্থানীয়রা গুরুতর আহত প্রণয় কর্মকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী ব্যবস্থার জন্য রাখা হয়েছে।

এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান বলেও তিনি চাটগাঁ নিউজকে জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top