সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক : পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় অনিবার্য কারণ উল্লেখ করে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক নাজমা আশরাফী এ নির্দেশনা দেন, যা এদিনই সন্ধ্যা ৬টা হতে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজেদের গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।

এর আগে রোববার সকাল ৬টা থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ সময় যান চলাচলে বাধা দেওয়া হয়। পরে একই দিন সন্ধ্যার দিকে প্রশাসনে সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top