‘শাপলা চত্বরের শহীদদের ন্যায়বিচার প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব’

চাটগাঁ নিউজ ডেস্ক: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে হবে— এমন মন্তব্য করেছেন দেশের প্রবীণ খ্যাতনামা আলেমেদ্বীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

আজ মঙ্গলবার (৫ মে) বাদে আসর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মসজিদ ক্যাম্পাসে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণ ও বিচার দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

তিনি বলেন, ৫ মে আলেম হত্যার এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় আমরা হতাশ। ভবিষ্যতে এ ঘটনার যথাযথ স্বীকৃতি ও বিচার কার্য সম্পন্ন হবে – এই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখার আমির আল্লামা আইয়ুব বাবুনগরী এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা হারুন আজিজি।

বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব জুনায়েদ বিন জালাল, হেফাজত নেতা শাহজাহান ইসলামাবাদী, শওকত বিন হানিফ, ছালামত উল্লাহ, রহমত উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণে ন্যায়বিচারের দাবি আজও জনমনে গভীরভাবে বিদ্যমান।

তাঁরা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং হেফাজতে ইসলামের উত্থাপিত ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী হেফাজতের তৎকালীন মহাসচিব মরহুম জুনায়েদ বাবুনগরীর পরিবারের খোঁজ নেন।

বাদে মাগরিব ফটিকছড়ির বিভিন্ন স্থানে ৫ মে শাপলা চত্বরের ঘটনার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top