লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু হেনা রুবেল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হেনা রুবেল উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সামমহাজন বাড়ির আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল পদুয়া স্টেশন এলাকার একটি কমিউনিটি সেন্টারে নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে রাতের খাবার শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পুরাতন বিওসি এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল জানান, দুর্ঘটনার পরপরই রুবেলকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়ে থানায় আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top