রোয়াংছড়িতে ট্রাকচাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়িতে পাথরবোঝাই ড্রাম ট্রাকের চাপায় রিমিতা তঞ্চঙ্গ্যা (৪) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয়পাড়া এলাকায়, রোয়াংছড়ি থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমিতা তঞ্চঙ্গ্যা সদর উপজেলার ৬ নম্বর ছামছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামুকঝিরি পুনর্বাসনপাড়া এলাকার নিরজয় তঞ্চঙ্গ্যার মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নিরজয় তঞ্চঙ্গ্যা মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে রোয়াংছড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে রোয়াংছড়ি থানার সামনে রুমাগামী একটি পাথরবোঝাই ড্রাম ট্রাককে পাশ দিতে গেলে মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় ভারসাম্য হারায়। এ সময় রিমিতা মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক ফোরকান (৪৫)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top