চাটগাঁ নিউজ ডেস্ক: সরকারি দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের পদবির আগে ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’-এর মতো কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে জানানো হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের সঙ্গে সবধরণের সরকারি চিঠিপত্র আদান-প্রদান, দাফতরিক যোগাযোগ, নথিপত্র প্রস্তুতকরণ ও সরকারি সারসংক্ষেপ উপস্থাপনের সময় তাদের পদবির আগে লিখিতভাবে এসব শব্দ প্রয়োগ করা যাবে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সরকারের যাবতীয় মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনে থাকা সব সরকারি দফতর ও সংস্থায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের পদবির পূর্বে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক পদবি বা শব্দ দাফতরিকভাবে না লেখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাষ্ট্রীয় নথিপত্রে এই নিয়ম এখন থেকে কঠোরভাবে অনুসরণ করা হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





