চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) আইনমন্ত্রী বলেন, এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৯ মে) সকালে। খবর পেয়ে পল্লবী থানার একাধিক পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি, আলামত সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
তদন্তের শুরুতেই স্বপ্না আক্তার নামে এক নারীকে আটক করা হয়। পরে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে মাত্র সাত ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশু রামিসাকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ব্যবহৃত ছুরি এবং নিহত শিশুর বিচ্ছিন্ন মাথাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রামিসার পরিবার প্রায় ১৭ বছর ধরে ওই ভবনে বসবাস করছিল। অপরদিকে অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে বিপরীত পাশের একটি ফ্ল্যাটে ভাড়া ওঠেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে মেয়ের স্যান্ডেল দেখতে পান। দরজায় বারবার কড়া নাড়লেও স্বপ্না দরজা খুলেননি। অভিযোগ রয়েছে, ওই সময় তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





