রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে রবিন বড়ুয়া (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​নিহত রবিন বড়ুয়ার বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায়। সে অলক বড়ুয়ার ছেলে এবং শিলক উচ্চ বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

​বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিন গত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল। ওই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল। পড়াশোনার পাশাপাশি সে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকার একটি ওয়ার্কশপে কাজ শিখছিল। এদিন দুপুরে কাজের ফাঁকে ওই ওয়ার্কশপের পাশেই একটি পুকুরে গোসল করতে নামে রবিন। এ সময় হঠাৎ পা পিছলে পানিতে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শিলক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসেন তালুকদার জানান, গত পরশুদিনও সে ক্লাস করেছিল। প্রতিভাবান ও পরিশ্রমী এক কিশোরের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তার পরিবার এবং পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top