স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ সামনে রেখে লিওনেল মেসিকে ঘিরে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। উরুর পেছনের পেশিতে অস্বস্তির কারণে আর্জেন্টিনার অনুশীলন শিবিরে তার যোগ দেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সোমবার (২৫ মে) এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ ও পেশিজনিত সমস্যা ধরা পড়েছে।
রোববার (২৪ মে) ফিলাডেলফিয়া ইউনিয়নর বিপক্ষে ম্যাচ শেষ করতে পারেননি তিনি। ক্লাব সূত্রে জানা গেছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর এই সমস্যা শনাক্ত করা হয়েছে। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু জানানো হয়নি।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মেসির শারীরিক অবস্থার উন্নতির ওপরই নির্ভর করবে তার মাঠে ফেরার সময়।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। এর কয়েক মিনিট আগেই তাকে বাঁ পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায়। পরে কোনো সহায়তা ছাড়াই মাঠ থেকে সরাসরি সাজঘরে চলে যান তিনি।
যদিও ম্যাচটি ৬-৪ গোলে জিতেছে ইন্টার মায়ামি। প্রথমার্ধে দুটি গোলে সহায়তাও করেন মেসি। তবে দ্বিতীয়ার্ধে ভারী বৃষ্টিতে মাঠ পিচ্ছিল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে ভুল পদক্ষেপের কারণে চোটের সমস্যা তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত করেনি ক্লাব।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এরপর শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।
গ্রুপ ‘জে’তে থাকা আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর ২২ জুন প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং ২৭ জুন মুখোমুখি হবে জর্ডানের।
এরই মধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন মেসি। তিনি দুইবার জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ‘সোনালি বল’ পুরস্কার। ২০২২ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তাই বিশ্বকাপের ঠিক আগে তার চোটের খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।
চাটগাঁ নিউজ/এমকেএন





