মিরসরাইয়ে পাহাড় ধসে প্রাণ গেল কিশোরের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পাহাড়ের মাটি কাটার সময় টিলা ধসে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।

বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে। স্বামীর মৃত্যুর পর অনেক কষ্ট করে সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে আসছিলেন বলে জানান সায়েমের মা ছালেহা বেগম। একমাত্র ছেলেকে হারিয়ে তিনি শোকে ভেঙে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটার জায়গা ভরাটের জন্য ঘরের পাশের একটি টিলা থেকে কয়েকদিন ধরে মাটি কাটছিল সায়েম। বুধবার রাতেও একই কাজ করার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে।

ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top