মিরসরাইয়ে দৈনিক মজুরিতে গাছ কাটতে গিয়ে প্রাণ হারালো যুবক!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মো. রুবেল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে। পেশায় কৃষক রুবেল দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজও করতেন।

রুবেলের প্রতিবেশী হাসিব হাসান ও মাসুদ জানান, রুবেল পাশের এলাকায় গাছ কাটতে গিয়েছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত একটি গাছ তার ওপর পড়ে। এতে তার কোমর ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী জানান, দুপুরের দিকে রুবেল নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মিরসরাই থানার পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top