মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে বাজারের গ্রীন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর এলাকার বাসিন্দা। তিনি বারইয়ারহাট বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top