মাস্কাট থেকে জীবিত ফেরা হলো না বেলালের, বিমানবন্দরেই মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক : ওমান থেকে রাত ২টা ১৫ মিনিটের ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল মো. বেলাল (৫৫)। তিনি স্ত্রী-সন্তানের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই যাত্রাই হয়ে গেল জীবনের শেষ যাত্রা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হাজীপাড়ার বাসিন্দা প্রবাসী মো. বেলাল বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সবার চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

বেলালের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ওমানের সোহার সিটিতে ফার্নিচার ব্যবসা করতেন বেলাল। প্রতি বছরই তিনি দেশে আসতেন। দেশের ফেরার সময় তিনি সুস্থ ছিলেন।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান আজিম উল হক বাবুল বলেন, মানুষের মৃত্যু কখন এসে ধরা দেয়, তা কেউ বলতে পারে না। বেলাল ভাই ওমান কমিউনিটির পরিচিত মুখ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।

ওমানস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top