মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের ধাওয়া-পালটা ধাওয়া

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক রাখার দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটেছে বলে মতিঝিল থানার এএসআই আয়েশা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালের দিকে দুই পক্ষের মধ্যে ছোটখাটো ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কিছু হয়নি। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এএসআই বলেন, খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য সেখানে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ব্যাংকের আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। এ সময় বিপরীত দিক থেকে একদল লোক এসে তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

কর্মকর্তা-কর্মচারীদের একটি পক্ষ দাবি করে, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কিন্তু বহিরাগতরা এসে হঠাৎ তাদের ওপর হামলা চালায়। চাকরি হারানোর পর তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাদের চাকরিচ্যুত করেছে বলে দাবি।

এদিকে, সচেতন গ্রাহক ফোরামের সহ-সভাপতি শামিম হাসনাইন দাবি করে বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় খবর পেয়ে তারা ব্যাংকের সামনে অবস্থান নেন। এস আলমের আমলে অনিয়ম ও ভুয়া সনদের মাধ্যমে বহু বিতর্কিত নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যাংকের পর্ষদ যাচাই-বাছাই ও পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বহাল রাখার উদ্যোগ নিলেও সংশ্লিষ্টরা পরীক্ষায় অংশ নেননি। এখন ব্যাংকের সার্বিক কার্যক্রম ব্যাহত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা সাধারণ গ্রাহকেরা কোনোভাবেই মেনে নেবেন না।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top