বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সোলায়মান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোলেয়মান পৌরসভার ৫ নং বটতল এলাকার অলি বিশ্বাসের বাড়ির শামসুল আলমের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

নিহতের চাচা মনছুর জানান, সকালে তার ভাইয়ের নির্মাণাধীন নতুন পাকা ঘরের পানির মোটরের বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন সোলায়মান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top