চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়েতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোরের। ফলে স্বজনদের কলকাকলিতে মুখরিত বিয়ের আসর মুহূর্তেই রূপ নেয় বুকফাটা আর্তনাদে।
আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে হাটহাজারী পৌরসভার কলেজ গেইট সংলগ্ন ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত কিশোর মো. সামির (১৪) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মেখল এলাকার শায়েস্তা খাঁ পাড়ার দুবাই প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র সন্তান এবং পরিবারের একমাত্র ছেলে।
পারিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে সামিরের বোনের বিয়ের রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়ের নানা কাজে ব্যস্ত সামির আনন্দ-উত্তেজনা নিয়ে সেন্টারের সামনে রাস্তা পার হতে যাচ্ছিল। ঠিক তখনই একটি দ্রুতগতির ঘাতক ড্রাম ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। পরে বিয়েবাড়ির লোকজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সামিরকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদময় শোকে পরিণত হয়।
রাউজান হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা দুর্ঘটনার পর পরই ট্রাকসহ চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





