চাটগাঁ নিউজ ডেস্ক: সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করে চুক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চালুর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে চলতি বাজেটে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ রয়েছে। তার মতে, প্রতিটি নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়া মৌলিক অধিকার হলেও দীর্ঘদিন তা থেকে অনেক মানুষ বঞ্চিত ছিল। বর্তমান সরকার ইউনিভার্সাল হেলথ কেয়ার ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার দিকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও জানান, সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে, যেখানে রোগীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।
মেডিকেল শিক্ষার মান বজায় রাখতে আসন সংখ্যা বাড়ানোর আগে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, পর্যাপ্ত শিক্ষক ও অবকাঠামো নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়লেও তার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি, অতীতে এ খাতে অর্থ অপচয়ের অভিযোগের কথাও উল্লেখ করেন।
শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, ডিজিটাল লাইব্রেরি, মাল্টিমিডিয়া সুবিধা এবং খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। প্রযুক্তিনির্ভর চিকিৎসা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, দক্ষ জনবল না থাকায় দেশের অনেক চিকিৎসা যন্ত্রপাতি পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। এজন্য মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
ভবন নির্মাণে দীর্ঘসূত্রতা বাংলাদেশের বড় সমস্যা উল্লেখ করে দ্রুত কাজ শেষ করার পাশাপাশি নির্মাণের মান নিশ্চিত করার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে নকশায় পার্কিং সুবিধার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং প্রয়োজন হলে অতিরিক্ত বেজমেন্টসহ ২০০–২৫০ গাড়ি পার্কিং সুবিধা রাখার পরামর্শ দেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





