চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিপন্ন প্রজাতির একটি বাগডাশকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থল থেকে প্রাণীটির মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বন বিভাগের তথ্য অনুযায়ী, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বাগডাশের উপস্থিতি দেখা যেত। শুক্রবার দুপুরের দিকে ধান কাটার কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক প্রাণীটিকে দেখতে পান। পরে তারা ধাওয়া করে সেটিকে ধরে মারধর করলে সেটি মারা যায়।
অভিযোগ রয়েছে, হত্যার পর প্রাণীটির গলায় দড়ি বেঁধে পাশের একটি পুকুরপাড়ের আমগাছে ঝুলিয়ে রাখা হয়। পরে স্থানীয় কয়েকজন কিশোর বিষয়টি দেখে মরদেহটি গাছ থেকে নামিয়ে কৃষিজমিতে ফেলে রাখে।
খবর পেয়ে রাতেই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাগডাশটির মরদেহ উদ্ধার করে।
বন বিভাগ জানায়, বাগডাশ একটি উপকারী বন্যপ্রাণী, যা ইঁদুরসহ ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে কৃষির উপকার করে। এটি সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত হওয়ায় এ ধরনের প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





