বিশ্বের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

চাটগাঁ নিউজ ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে যাচ্ছে। মূল্য সমন্বয় করার পরও সরকারকে লোকসান বহন করতে হচ্ছে।

বিভিন্ন দেশের জ্বালানি তেলের বর্তমান দামের তুলনা তুলে ধরে তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। কীভাবে জনগণকে তুলনামূলক কম দামে জ্বালানি তেল সরবরাহ করা যায়, সে বিষয়েই আলোচনা হওয়া প্রয়োজন।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে রিজভী বলেন, জ্বালানির দাম কম রাখার উপায় নিয়ে আলোচনা না করে সরকারের বিরুদ্ধে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়। এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি নীরব থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তার দাবি, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি।

অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে রিজভী জানান, বিএনপির রাজনৈতিক কর্মসূচি আরও জোরদার করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রাজপথে সক্রিয় থাকবে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে শিগগিরই মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top