চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপকূলের গভীর সমুদ্রে নোঙর করা বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রুর মধ্যে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় থাইল্যান্ডের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২০ মে) সকালে ওই জাহাজ থেকে তুরাকর্ন বুরুসিক (৩৫) নামের অভিযুক্ত ক্রুকে গ্রেপ্তার করে আনোয়ারা থানার পুলিশ। গ্রেপ্তারকৃত তুরাকর্ন বুরুসিক নামের ব্যক্তিটিও থাইল্যান্ডের নাগরিক।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আনোয়ারার উপকূল বঙ্গোপসাগরে নোঙর করা বিদেশি জাহাজে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে তুরাকর্ন বুরুসিকের ছুরিকাঘাতে রাফিফং কালাহান (৩০) নামের এক ক্রু গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থাইল্যান্ডের এ নাগরিক এমভি কেপিপি-০১ (আইএমও ৯০২১২০৩) নামের একটি বিদেশি জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি চাটগাঁ নিউজকে নিশ্চিত করেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
অন্যদিকে গ্রেপ্তারের বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পতেঙ্গা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আজ সকালে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





