বিএসআরএমের চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রড বহনকারী চুরি যাওয়া ট্রাকটিও খালি অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. রিয়াদ হোসেন, ট্রাকের হেলপার মো. হাদিছ মোল্লা ও আবুল বাশার।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, গত ১৪ আগস্ট বিকেল ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কোম্পানি থেকে বিভিন্ন সাইজের ১৩ টন লোহার রড ট্রাকযোগে সুনামগঞ্জে পাঠানোর সময় চুরির ঘটনা ঘটে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে চুরি যাওয়া রড উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, আধুনিক প্রযুক্তি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ আগস্ট বারইয়ারহাট এলাকা থেকে মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২০ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় অভিযান চালিয়ে জাকির নামে এক ব্যক্তির বাসা থেকে ট্রাকের হেলপার মো. হাদিছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরার মহম্মদপুর থানাধীন জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশার প্রকাশ বাঁশিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আবুল বাশারের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই চক্রের মূলহোতা হিসেবে জাহাঙ্গীরের নাম শনাক্ত করা হয়। পরে তার বসতঘর ও মহম্মদপুর বাজারের আয়ান এন্টারপ্রাইজ নামের দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করা হয়। এছাড়াও ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে রড বহনকারী চুরি হওয়া ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top