বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে একটি রাবার বাগান থেকে তিন শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
বুধবার (২২ এপ্রিল) ভোররাত ৩টার দিকে বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম বান্টুর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত শ্রমিকরা হলেন—এনামুল হক (২৪), মোহাম্মদ হাসান (২৬) এবং নুরুল ইসলাম (২৮)। তারা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা পরিবার-পরিজনসহ ওই বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বাগান মালিক জানান, অপহৃতরা গত ২-৩ বছর ধরে বাগানে কাজ করছেন এবং তারা সাধারণ শ্রমিক। তাদের উদ্ধারে প্রশাসন তৎপরতা চালাচ্ছে। তবে অপহরণের প্রায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো মুক্তিপণ দাবি করা হয়নি।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে মুক্তিপণ দাবি বা শ্রমিকদের উদ্ধার হলে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা জানান, আগে থেকেই শ্রমিক সংকটে ভুগছে রাবার বাগানগুলো। এর মধ্যে অপহরণ ও মুক্তিপণের মতো ঘটনা দীর্ঘদিন ধরে চলতে থাকায় রাবার শিল্প হুমকির মুখে পড়েছে।
তারা আরও দাবি করেন, বাইশারীর আলিক্ষ্যং মৌজায় অবস্থিত পুলিশ ক্যাম্পের পাশাপাশি ছাগলখাইয়ার মতো একটি সেনা ক্যাম্প স্থাপন করা জরুরি। তাদের মতে, পাহাড়ি এলাকাগুলো এখন অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে এবং সেনা ক্যাম্প স্থাপন ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ কঠিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, রাবার বাগান থেকে ৩ শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে নেমেছে অপহৃতদের উদ্ধারে। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না। ওই এলাকায় আফসার গ্রুপ সরোয়ার গ্রুপসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের তৎপরতা রয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন





