বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধের মেয়াদ বাড়ল আরও ৩ দিন

বান্দরবান প্রতিনিধি: টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধের মেয়াদ আরো ৩ দিন অর্থ্যাৎ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করে। পরে পরিস্থিতি উন্নতি না হওয়ায় ৮ জুলাই  আরেক বিজ্ঞপ্তিতে ১২ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়।

এদিকে আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

আরও বলা হয়, এ সময়ে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।

সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ

Scroll to Top