কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় মদ মনে করে ভুলবশত বিষপান করে রিংকন বড়ুয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ম্রুংদং পাড়ার বাসিন্দা মিলন বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান, কয়েকদিন আগে চাকরি থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন রিংকন। গত মঙ্গলবার (১৬ জুন) অসাবধানতাবশত মদ ভেবে বিষপান করেন তিনি। বিষক্রিয়ার বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





