বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলা: আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা ও চিকিৎসকসহ আরও তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। আদালতে তদন্ত কর্মকর্তাসহ তিনজন সাক্ষী জবানবন্দি দেন, যাদের মধ্যে দুইজন চিকিৎসক ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ ধাপ শেষ হয়েছে। এখন পর্যন্ত মোট ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

তিনি আরও জানান, আগামীকাল (সোমবার) মামলাটিতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে আদালত আসামির বক্তব্য শুনবে এবং আত্মপক্ষ সমর্থনে তিনি কোনো বক্তব্য বা সাক্ষ্য উপস্থাপন করবেন কি না, সে বিষয়ে তাকে সুযোগ দেওয়া হবে।

আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১১ জুন প্রথম ধাপে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি বালুরমাঠ সংলগ্ন গুদামকক্ষে ওই ঘটনা ঘটে। পরে শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে পুলিশ জানায়। এর ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top