বন্যাদুর্গতদের জন্য আবেগঘন বার্তা মেহজাবীনের

বিনোদন ডেস্ক: টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক জেলার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার মানবিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উদ্বেগ প্রকাশ করছেন এবং বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় বন্যাকবলিত মানুষের জন্য দোয়া ও সহমর্মিতা প্রকাশ করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সবাইকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

নিজের পোস্টে মেহজাবীন লেখেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি কিংবা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন।

তিনি আরও বলেন, উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবার প্রতি তার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে।

একই সঙ্গে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং সবাই নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।

মেহজাবীনের এই মানবিক আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দেশের এই দুর্যোগময় সময়ে তারকার এমন মানবিক উদ্যোগ অন্যদেরও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকেই।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top