ফ্যাসিবাদী সময়ের সাংবাদিক নির্যাতন-হয়রানি বিচারহীন রয়ে গেছে: সিএমইউজে

চাটগাঁ নিউজ ডেস্ক : গণমাধ্যমে ফ্যাসিবাদ আমলের বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।

শুক্রবার (১ মে) মহান মে দিবসে সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তারা বলেন, গভীর উদ্বেগের সঙ্গে সিএমইউজে লক্ষ্য করছে—গণমাধ্যম অঙ্গনে এখনো ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ফ্যাসিবাদী শাসনামলে শুরু হওয়া বৈষম্য আজও বহাল রয়েছে। তখন চাকরিচ্যুত অনেক সাংবাদিক এখনো চাকরি ফেরত পাননি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—বিগত ফ্যাসিবাদী সময়ে সংঘটিত সাংবাদিক নির্যাতন, হামলা, মামলা ও হয়রানির বহু ঘটনা এখনো বিচারহীন রয়ে গেছে।

এই বিচারহীনতার সংস্কৃতি শুধু ভুক্তভোগীদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করছে না, বরং ভবিষ্যতেও এমন ঘটনার পুনরাবৃত্তিকে উৎসাহিত করছে। সিএমইউজে দৃঢ়ভাবে দাবি জানাচ্ছে—সেই সময়ের সব নির্যাতন, হামলা ও হয়রানির ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

বর্তমান বাস্তবতায় সাংবাদিকরা একদিকে পেশাগত অনিশ্চয়তাসহ নানা চাপে কাজ করতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে বেতন-ভাতা বকেয়া, চাকরির কোনো নিশ্চয়তা নেই, আবার মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন আইনের অপব্যবহারের মাধ্যমে।

সিএমইউজে নেতারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—নিরাপত্তা, ন্যায্য বেতন, আইনি সুরক্ষা এবং স্বাধীনতা এই চারটি ক্ষেত্রে সাংবাদিকদের অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত আছে।

তারা নবম ওয়েজ বোর্ড দ্রুত ও বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত এবং বিনা কারণে ছাঁটাই বন্ধ, গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর, বিগত ফ্যাসিবাদী সময়ে সংঘটিত সব সাংবাদিক নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার, সাংবাদিক নির্যাতন, হামলা ও হয়রানির বিরুদ্ধে কার্যকর রাষ্ট্রীয় সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সাংবাদিকদের জন্য স্বাস্থ্যবিমা, পেনশন, গ্র্যাচুইটি ও কল্যাণ তহবিল, ফ্রিল্যান্স ও অনলাইন সাংবাদিকদের আইনি স্বীকৃতি ও সমান অধিকার, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত এবং সংগঠন পরিচালনায় কোনো বাধা না দেওয়া এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সম্পাদকীয় স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখার দাবি জানান।

সিএমইউজের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পীর সই করা বিবৃতিতে বলা হয়, সিএমইউজে স্পষ্টভাবে বলতে চায়— সাংবাদিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং বিচার নিশ্চিত না হলে একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয়।

মে দিবসের এই দিনে সিএমইউজে নেতারা নিজেদের অধিকার রক্ষা, পেশার মর্যাদা প্রতিষ্ঠা এবং সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা পালনে সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top