ফটিকছড়িতে মাদক-সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ফটিকছড়ি প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, ফটিকছড়িতে এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে অনুষ্ঠিত ফটিকছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির কোনো পয়েন্ট থেকেই অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে তিনি পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ফটিকছড়িতে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, এ বিষয়ে কাজ চলছে। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি সমৃদ্ধ ও নিরাপদ ফটিকছড়ি বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top