ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের উত্তর ইদিলপুর এলাকায় ড্রেনে পড়ে তাসফিয়া জান্নাত তোহা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জুন) সকাল ৭টার দিকে উত্তর ইদিলপুর এলাকার বদি উদ্দিন হাজীর বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মনজুরুল হকের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে তাসফিয়া বাড়ির পাশের ড্রেনের দিকে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে ড্রেনের পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ভূজপুরের একটি বেসরকারি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন বাবু জানান, সকালে শিশুটি ড্রেনে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাসফিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





