প্রিয় দলের বিদায়ের দিনেই পৃথিবী ছাড়লেন ব্রাজিল সমর্থক জুয়েল!

চাটগাঁ নিউজ ডেস্ক : রাত জেগে দেখেছিলেন প্রিয় দল ব্রাজিলের খেলা। নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর কষ্টভরা একটি স্ট্যাটাসও দিয়েছিলেন নিজের ফেসবুক প্রোফাইলে। লিখেছিলেন, ‘দল করি, হারবে-জিতবে। কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ এরপর যে তিনিই চিরবিদায় নেবেন, তা কে জানত!

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্রাজিল-সমর্থক যুবক জুয়েল রানা। তিনি উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্যা পাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালেও চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকা থেকে অটোরিকশাযোগে বাঁশখালী উপজেলা সদরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন জুয়েল। পথে দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় জুয়েল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুয়েলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ ফেসবুক স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top