প্রকাশ্যে অস্ত্র মহড়ার পর পরিত্যক্ত পুরাতন আগ্নেয়াস্ত্র উদ্ধার

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে অস্ত্র মহড়ার পরে পুলিশের অভিযানে একটি পুরাতন আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয়ের সম্মুখস্থ এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পালংখালী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ছিনতাই বা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে অবস্থান করছে—এমন তথ্য পায় পুলিশ। পরে তথ্যের সত্যতা যাচাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বালুখালী পুলিশ ক্যাম্পের নাইট টহল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি পুরাতন পিস্তল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পুলিশ জানিয়েছে, পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বালুখালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো আজাদ বলেন, গোপন সূত্রে জানতে পারলাম একটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে। পরে টহল পুলিশ ঘটনা স্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রটি উদ্ধার করে।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, সম্প্রতি পালংখালী ইউনিয়নের সীমান্তে অস্ত্র মহড়ার পর থেকে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top