ফরহাদ সিকদার: সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কমেন্ট, ছবি কিংবা কোনো তথ্য শেয়ার করার আগে একটু সতর্ক হওয়া জরুরি। কারণ, UAE-এর Federal Decree-Law No. 34 of 2021 on Countering Rumors and Cybercrimes-এ অনলাইনে বিভিন্ন ধরনের কনটেন্ট ও আচরণের জন্য শাস্তির বিধান রয়েছে।
বিশেষ করে তিনটি বিষয় জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথমত- অনলাইনে কাউকে অপমান বা মানহানি
আইনের Article 43 অনুযায়ী, তথ্যপ্রযুক্তি বা অনলাইন নেটওয়ার্ক ব্যবহার করে কাউকে অপমান করা কিংবা এমন কোনো অভিযোগ বা বৈশিষ্ট্য তার ওপর আরোপ করা, যার কারণে ওই ব্যক্তি অন্যের কাছে শাস্তি বা অবজ্ঞার শিকার হতে পারেন— তা অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এ ধরনের অপরাধে কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
তাই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে কাউকে উদ্দেশ্য করে গালি, অপমান বা মানহানিকর বক্তব্য দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকুন।
দ্বিতীয়ত- অন্যের ব্যক্তিগত গোপনীয়তা
আইনের Article 44 অনুযায়ী, কারও ব্যক্তিগত বা পারিবারিক গোপনীয়তায় তার সম্মতি ছাড়া হস্তক্ষেপ করা অপরাধ হতে পারে। এর মধ্যে রয়েছে অনুমতি ছাড়া অন্যের ছবি বা অডিও-ভিজ্যুয়াল উপাদান প্রকাশ বা ছড়িয়ে দেওয়া। এমনকি কারও ক্ষতি করার উদ্দেশ্যে ছবি, মন্তব্য বা অন্য কোনো তথ্য প্রকাশ করাও এই ধারার আওতায় আসতে পারে। এছাড়া দুর্ঘটনায় আহত বা নিহত ব্যক্তিদের ছবি অনুমতি ছাড়া প্রকাশের বিষয়েও আইনে বিধান রয়েছে। এ ধরনের অপরাধে কমপক্ষে ৬ মাসের কারাদণ্ড এবং ১ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
তাই কারও ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিংবা শেয়ার করার আগে প্রয়োজনীয় অনুমতি আছে কি না, তা নিশ্চিত করুন।
তৃতীয়ত- ভুয়া খবর ও গুজব ছড়ানো
আইনের Article 52 অনুযায়ী, অনলাইন নেটওয়ার্ক বা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মিথ্যা খবর বা তথ্য, বিভ্রান্তিকর বা গুজব কিংবা এমন প্রতিবেদন ছড়ানো, যা জনমতকে উসকে দিতে পারে, জনশান্তি বিঘ্নিত করতে পারে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে অথবা জনস্বার্থ, জাতীয় অর্থনীতি, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের ক্ষতি করতে পারে— তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য হবে। এক্ষেত্রে কমপক্ষে ১ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ১ লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।
আর কোনো পরিস্থিতিতে যদি এ ধরনের কর্মকাণ্ড UAE-এর কোনো কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনমত উসকে দেয়, কিংবা মহামারি, সংকট, জরুরি অবস্থা বা দুর্যোগের সময়ে সংঘটিত হয়, তাহলে শাস্তি আরও কঠোর হতে পারে—কমপক্ষে ২ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ২ লাখ দিরহাম জরিমানা হবে।
তাই কোনো খবর, ছবি বা তথ্য চোখে পড়লেই যাচাই না করে শেয়ার বা ফরোয়ার্ড করবেন না। মনে রাখবেন— সংযুক্ত আরব আমিরাতে বসে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টও আমিরাত আইনের আওতার বাইরে নয়। সে জন্য, আইন জানুন, দায়িত্বশীলভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন এবং সংযুক্ত আরব আমিরাতে নিরাপদে থাকুন।
চাটগাঁ নিউজ/জেএইচ





