চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) কোতোয়ালী থানার মেরিনার্স রোড থেকে একটি পিকআপসহ এইসব ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. আবুল কালাম (৩৮) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার বাসিন্দা ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কক্সবাজার থেকে একটি পিকআপে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এক মাদক ব্যবসায়ী চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কোতোয়ালী থানাধীন লইট্টাঘাটা ৪ নম্বর ঘাটের প্রবেশমুখে মেরিনার্স রোডে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশির একপর্যায়ে কক্সবাজার থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের খোলা পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত লোকজনের সামনে পিকআপটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ





