বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ১৩ ইটভাটাকে ২৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিন ও বান্দরবানের সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সারোয়ার হোসেন।
লামা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ফাইতং ইউনিয়নে ৩১ ইটভাটার মধ্যে ১৩ ইটভাটাকে মোট ২৯ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাহাড় বা টিলা কর্তন করে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা এবং ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার কারনে মূলত এই জরিমানা করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা লংঘনে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এর ১৫ ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ






