চাটগাঁ নিউজ ডেস্ক: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে একটি পেট্রোল পাম্পে তেল নিতে এসে প্রচণ্ড রোদে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর হিট স্ট্রোকে আব্দুল আলিম (৫৬) নামে এক বাঁশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই ডিজেল নিতে কেশরহাট ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। দীর্ঘ সময় প্রচণ্ড গরমে অপেক্ষা করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান।
পরে পাম্পের কর্মচারী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মেসার্স কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তিনি তেল নিতে এসেছিলেন এবং সেখানেই অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিম বিনতে আক্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





