পশ্চিমবঙ্গে বজ্রপাতে বিএসএফ জওয়ানসহ ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে মঙ্গল ও বুধবারের প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে একজন বিএসএফ জওয়ানও রয়েছে।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঠুপুর গ্রামে সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে নিহত হয়েছেন বিএসএফ জওয়ান বিনীত কুমার দুবে। ৪৬ বছর বয়সী জওয়ানের বাড়ি উত্তরপ্রদেশে। রঘুনাথগঞ্জ থানার মিঠুপুর গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে তিনি কর্মরত ছিলেন।

জানা গেছে মঙ্গলবার রাতে তিনি সীমান্তে পাহারা দিচ্ছিলেন, কিছু সময়ের পরেই শুরু হয়েছিল দুর্যোগ। প্রবল ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। দুর্যোগের সঙ্গে মুহুর্মুহু বাজ পড়তে থাকে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বজ্রঝড়ের তাণ্ডবে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক পৃথক ঘটনায় একজন গৃহিণী ও বেশ কয়েকজন কৃষকসহ অন্তত ১০ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন।

মুর্শিদাবাদ ও মালদা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সর্বাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান গঙ্গা খেয়াঘাটে বজ্রপাতে এক নৌকার আরোহীসহ চারজনের মৃত্যু ও ১৫ জন আহত হন।

মালদার বৈষ্ণবনগরে বজ্রপাতে আরও দুই কৃষকের মৃত্যু হয়েছে। কোচবিহারে মঙ্গলবার দুজনের মৃত্যু হয়। পুরুলিয়ায় বজ্রপাতে আটজন গুরুতর আহত হন, যাদের মধ্যে দুজন পরে মারা যান। জলপাইগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও পাঁচজন আহত হয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top