পতেঙ্গায় অভিযানে ট্রাকভর্তি ইলেকট্রনিকস পণ্য জব্দ, আটক ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে নামানো এবং শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইলেকট্রনিকস পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার ১০ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, একটি অসাধু চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী খালাস করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ফ্রিজ, একটি ডিপ ফ্রিজ, দুটি ওয়াশিং মেশিন, একটি পোর্টেবল এয়ার কন্ডিশনার, চারটি ফুল ইউনিট এসি এবং একটি আউটডোর এসি। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা।

এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top