পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় অপহরণের শিকার শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার পূর্বপাড়ার একটি ময়লার ভাগাড়ে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বাড়ির পেছনের ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয় জায়হান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় পরিবার প্রথমে ধারণা করেছিল সে পাশের পুকুরে পড়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের পর শিশুটির পরিবারের শয়নকক্ষ থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। সেখানে শিশুটিকে ফেরত পেতে তিন লাখ টাকা মুক্তিপণ এবং পরিবারের একজনের আনলক করা মোবাইল ফোন নির্দিষ্ট স্থানে রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশ চিরকুটটি আলামত হিসেবে জব্দ করে তদন্ত শুরু করে।

স্বজনদের দাবি, মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়েছিল। পরে ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, হত্যার পর মরদেহ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে রাখা হয়। এ সময় অভিযুক্তরা পরিবারের সঙ্গে শিশুটিকে খোঁজার নাটকও করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top