উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলের জয় কলম্বিয়ার

ক্রীড়া ডেস্ক: গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কলম্বিয়া। মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দক্ষিণ আমেরিকার দলটি।

প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় কলম্বিয়া। ৪০তম মিনিটে লুইস দিয়াজের দারুণ ক্রস থেকে বল জালে জড়ান ডিফেন্ডার দানিয়েল মুনিওজ। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উজবেকিস্তান। ৬০তম মিনিটে আব্বোসবেগ ফাইজুল্লায়েভ গোল করে ম্যাচে সমতা ফেরান। এল্দর শোমুরোদভের ভলি শট কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে সুযোগ কাজে লাগান ফাইজুল্লায়েভ।

তবে সমতায় বেশিক্ষণ থাকতে পারেনি উজবেকিস্তান। মাত্র পাঁচ মিনিট পরই কলম্বিয়াকে আবারও এগিয়ে দেন লুইস দিয়াজ। বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত কোনাকুনি শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে আশ্রয় নেয়।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে কলম্বিয়া। যোগ করা সময়ের নবম মিনিটে হামিন্তন কাম্পাজ দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top