পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৭ বছর বয়সী প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলার ইন্দ্রপোল এলাকা থেকে মোহাম্মদ সোলাইমান (৪৮) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৭ মার্চ রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোয়াদণ্ডী এলাকায় আফিউদ্দিন শাহ’র মাজারের উত্তরে একটি ভাড়া বাসায় শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভিকটিমের মা মিনুন নাহার (৩১) বাদী হয়ে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই কে. লাহ্ চিং মার্মা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানের এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইন্দ্রপোল এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন





