পটিয়া প্রতিনিধি: জীবিকার সন্ধানে মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন নুরুন্নাহার বেগম (৫৫)। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী রাশেদা বেগম (৬০)।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী শ্রীমাই ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহার বেগম ও আহত রাশেদা বেগম দুজনেই কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জামশেদ উদ্দিন খালেদ জানান, দুই নারী শ্রীমাই ব্রিজসংলগ্ন একটি ক্ষেতে কাজ করছিলেন। কাজ শেষে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছে যায়। ট্রেনের শব্দ টের পেয়ে রাশেদা বেগম শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যেতে সক্ষম হলেও নুরুন্নাহার বেগম রেললাইন থেকে সরে দাঁড়াতে পারেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত রাশেদা বেগমকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নুরুন্নাহার বেগমের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন





