পটিয়ায় নিরাপত্তা শঙ্কা বাড়াচ্ছে অচল ১৭ সিসি ক্যামেরা

পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের গুরুত্বপূর্ণ ১৭টি পয়েন্টে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা ১৭টি সিসিটিভি ক্যামেরা অচল হয়ে পড়েছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি-ডাকাতি, ছিনতাই ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে ২০২৫ সালে এসব ক্যামেরা স্থাপন করা হলেও বর্তমানে সেগুলোর সুফল পাচ্ছেন না পৌরবাসী। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, পটিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ ১৭টি পয়েন্টে এসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে- থানার মোড়, পোস্ট অফিস মোড়, ডাকবাংলো, কলেজ গেট, বাসস্টেশন, উপজেলা গেট ও মুন্সেফ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। পৌরসভার অর্থায়নে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরার মাধ্যমে অপরাধপ্রবণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ক্যামেরাগুলোর নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় পটিয়া থানা পুলিশকে।

আবদুস সোবহান রাহাত আলী স্কুলে প্রধান শিক্ষক এটি এম তোহা ও স্থানীয়দের মতে, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ ও জনসমাগমপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা সচল থাকলে অপরাধ সংঘটনের দৃশ্য ধারণের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা সম্ভব হতো। বিশেষ করে চুরি, ছিনতাই, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসব ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।

তাদের অভিযোগ, ক্যামেরাগুলো অচল থাকায় অপরাধ সংঘটিত হলে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহের সুযোগ থাকছে না। এতে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার ক্ষেত্রে তদন্তকারী সংস্থাকে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। একই সঙ্গে পৌর এলাকার সার্বিক নিরাপত্তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সংশ্লিষ্টদের মতে, শুধু সিসিটিভি ক্যামেরা স্থাপন করলেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়; এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত মেরামতের ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় জনগণের নিরাপত্তার জন্য ব্যয় করা অর্থের কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন।

এ বিষয়ে পটিয়া পৌর প্রশাসক ফারহানুর রহমান বলেন, সিসি ক্যামেরাগুলো আমরা পুনরায় সচল করার চেষ্টা করছি।

চাটগাঁ নিউজ/পিপলু/এসএ

Scroll to Top