পটিয়ায় টিনের ছাউনি কেটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের আশিয়া মল্লাপাড়া নতুন বাড়িতে বসতঘরের টিনের ছাউনি কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী গৃহকর্তা হাজী মোজাফফর আহমদ চৌধুরী (৬৫) বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় তিনি নিজ বসতঘরের দরজায় তালা দিয়ে যান।

তার অনুপস্থিতির সুযোগে ২৪ এপ্রিল রাত ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমিরা ভেঙে নগদ ৪৮ হাজার টাকা, প্রায় ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং পরিবারের সদস্যদের ৩টি পাসপোর্ট, ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ৩টি জন্মনিবন্ধন সনদ নিয়ে যায়।

এছাড়া দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রান্নাঘরে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে এসে ভুক্তভোগী দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। পরে রান্নাঘরের টিনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি ভেতরে প্রবেশ করেন এবং চুরির বিষয়টি নিশ্চিত হন।

ঘটনার পর স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে তিনি পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top