কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থানা থেকে মাত্র ১০০ গজ দূরে কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমদ স্বপনের বাসায় দিবালোকে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি ওয়াপদা কলোনি এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিএনপি নেতা জাফর আহমদ স্বপন সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় তিনি এবং তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। বাড়িতে তখন তাঁর পুত্রবধূ অবস্থান করছিলেন। এ সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিহিত অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি বাড়ির পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে।
তিনি আরও জানান, ডাকাতরা তাঁর পুত্রবধূর গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ ৩ হাজার টাকা, একটি রুপার চেইন ও রুপার নুপুর নিয়ে যায়। পরে তারা একই পথ দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা বাড়ির ভেতরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে।
ঘটনার পরপরই তিনি মৌখিকভাবে কাপ্তাই থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে বলে জানান তিনি।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেছে। থানা থেকে মাত্র ১০০ গজের মধ্যে এ ধরনের ঘটনা সত্যিই রহস্যজনক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





