পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংকারদের সড়ক অবরোধ, ধস্তাধস্তিতে আহত ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংকার ও স্থানীয় জনসাধারণ। এতে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিতে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া মডেল মসজিদের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি শুরু করেন।

এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও জনভোগান্তি। এসময় আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তবে পুলিশের দাবি, ঘটনাটি ভুল–বোঝাবুঝি থেকে হয়েছে।

আন্দোলনকারীরা জানান, চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর কয়েক দফা হামলার অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদ এবং চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা মহাসড়ক অবরোধের কর্মসূচি দেন।

কর্মসূচির একপর্যায়ে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে যান পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি ও উদ্ভূত পরিস্থিতির বিষয়টি আগামী বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিতব্য আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থাপনের আশ্বাস দেন।

ইউএনওর আশ্বাসের পর আপাতত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরে তারা ধীরে ধীরে মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী মো. তৌকির বলেন, চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

চাকরিচ্যুত ব্যাংকারদের কর্মসূচিকে ঘিরে প্রায় দেড় ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top