রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। হামলায় হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন রাঙ্গুনিয়া থানার এসআই মো. আবু নাসের। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় মো. তানসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে মরিয়মনগর চৌমুহনী এলাকায় অভিযান চালায় রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় এসআই মো. আবু নাসেরের হাঁটুতে গুরুতর আঘাত লাগে। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. তানসেন নামে একজনকে আটক করে। তবে তাঁর সঙ্গে থাকা অন্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রাঙ্গুনিয়া থানার এসআই মো. নাজমুল গণমাধ্যমকে বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






