চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বার কোয়ার্টার এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে একটি চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্র জানায়, বার কোয়ার্টার এলাকার পশ্চিম ঝর্ণাপাড়ায় ‘মায়ের দোয়া চানাচুর কারখানা’য় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া পণ্য তৈরিতে বিভিন্ন ধরনের অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহার এবং পোড়া তেল বারবার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে কারখানাটির বিরুদ্ধে মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ






